ঢাকা মহানগরীর নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরজুড়ে চেকপোস্ট কার্যক্রম বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৭ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার বিকেল ৪টা থেকে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ডিএমপি সূত্র জানায়, রমনা বিভাগের বসিলা, লালবাগ বিভাগের বাবুবাজার, ওয়ারী বিভাগের পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ ও স্টাফ কোয়ার্টার এলাকা, মতিঝিল বিভাগের বাসাবো রোড (কমলাপুর), মিরপুর বিভাগের গাবতলী, গুলশান বিভাগের ৩০০ ফিট সড়ক এবং উত্তরা বিভাগের আব্দুলাপুর ব্রিজ, কামারপাড়া ও ধৌড় ব্রিজসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।





